সিলেটে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গুর তিন নতুন রোগী, করোনায় মৃত্যু ১

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:০০

সিলেটে করোনার সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সিলেটে শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। 

এ নিয়ে বিভাগে এ বছর ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে আট জন বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, শুধু জুন মাসে সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। বিভাগে আক্রান্ত ৩৩ জনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ জন, হবিগঞ্জের লাখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে এক জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে তিন জন, মৌলভীবাজারে আট জন এবং হবিগঞ্জে ১২ জন। এদিকে সিলেটে করোনার থাবায় ৬৯ বছরের এক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিন দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরি হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানা যায়। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হলে কোনো রোগী শনাক্ত হয়নি।

বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র আট জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন তিন, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, রাগীব রাবেয়ায় এক, আলহারামাইনে এক ও ইবনে সিনা হাসপাতালে দুই জন। অপর ১২ জন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম