চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় গতকাল মঙ্গলবার ভোরে একটি কক্ষ থেকে হঠাত্ কালো ধোঁয়া বের হতে শুরু করলে হাসপাতালের সর্বত্র রোগী ও রোগীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, হাসপাতালের একটি স্টোর রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে চমেক হাসপাতালের অপর একটি সূত্র জানায়, স্টোর রুম সংলগ্ন একজন কর্মকর্তার একটি অস্থায়ী অফিস কক্ষের এয়ারকন্ডিশনারে আগুন ধরে গেলে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সোয়া ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে।
চমেক সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষটি মানসিক স্বাস্থ্য বিভাগের একজন অধ্যাপকের নামে বরাদ্দ ছিল।
