শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নীচ তলার ল্যাব রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের এবং বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
রোববার (২৯ জুন) বিকেল ৩টার দিকে হাসপাতালের নীচ তলার ল্যাবে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ডাক্তারের রুমের পাশে ল্যাবে ধোয়া দেখে পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়াদৌড়ি শুরু করেন। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ধোয়া বের হয়ে চারদিক অন্ধকার হয়ে যায় । তবে কি ধরনের ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের রোগী জান্নাত ইসলাম জানান, আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়ায় ভরে যায়। ভয় পেয়ে আমরা সবাই দৌড় দেই নিচের দিকে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর আবার ফিরে আসি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার জানান, নীচ তলার ল্যাব রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু মালামাল বের করতে পারলেও তা ভালো আছে কিনা পরবর্তীতে যাচাই করে বলেতে পারবো। আগুনে ক্ষতির পরিমাণ এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এম এ আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর স্থানীয় এবং হাসপাতালের লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ম‚ল কারণ জানা যাবে।
