মিরপুরে ছেলের হাতে বাবা খুন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৫১

মিরপুরে জমিসংক্রান্ত পারিবারিক কলহের জেরে ছেলের হাতে রুহুল আমিন মন্ডল (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় মা মাহিমা খাতুন (৬০) গুরুতর জখম হন। মাহিমা খাতুন বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। মঙ্গলবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন মন্ডল ঐ এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক।

নিহতের ছেলে আব্দুল হালিম জানান, জমিজমা নিয়ে তার বাবা রুহুল আমিনের সঙ্গে সকালে ভাই সাজুর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মা ছুটে গেলে সাজু তার মাথায় আঘাত করে এবং মাথা ফেটে যায়। বাবা মাটিতে পড়ে গেলে  দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ওসি আবুল কামাল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে নিহতের ছেলে সাজু ও তার স্ত্রী সালমা খাতুন পলাতক।

ছেলেধরা গুজবে জনসচেতনতামূলক সভা

মিরপুরে ছেলেধরা গুজব প্রসঙ্গে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকালে পৌর ভবনে এ আলোচনা সভা হয়। পৌর মেয়র হাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি আবুল কালাম। এ সময়ে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, নাসিরউদ্দিন টোকন, আতিয়ার প্রামানিক, মিনারা খাতুন, হালিমা খাতুন লাকী বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।