শ্রীবরদীতে বসত ঘরের টিনের বেড়া কেটে শিশু বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনা পর থেকে আতঙ্কে আছে এলাকাবাসী।
শিশুর বাবা শাজাহান মিয়া জানান, রাতে খাবার শেষে তার শিশু বাচ্চা সাথী আক্তার শ্রাবন্তী (৩) ও সিফাতকে (২) নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কে বা কারা বসত ঘরের পেছনে টিনের বেড়া কেটে মেয়ে শ্রাবন্তীকে বাহির করে এবং ছেলে সিফাতকে বাহির করার চেষ্টা করলে আমার ঘুম ভেঙে যায়। এ সময় সিফাতের হাত ধরে টেনে চিত্কার দিলে তারা দৌড়ে চলে যায়। পরে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, কে বা কারা শাজাহানের বসত ঘরের টিনের বেড়া কেটেছে। তবে পুলিশ তাদের আতঙ্কে না থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও এলাকায় অপরিচিত কোনো ব্যক্তিকে দেখলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।
