নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬:১৩

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি দেওয়ালে ঘেরা কবরের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই নারীর জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার (৩০ জুন) সকালে এক নারী লাউ তুলতে গেলে একটি পাকার করা কবরের দেওয়ালের ভেতর লাশ দেখতে পায়। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখ ফোলা ছিল।
 
নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশি গুরুত্ব দেয়া হয়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, গলায় ওড়না পেছানো ছিল। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করা যাবে।

ইত্তেফাক/এএইচপি