রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এলাকার মসজিদের পাশে অবস্থিত পরিত্যক্ত ৭টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ জুন) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয় বাসিন্দা ও বিএসপিআই-এর শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে যাওয়া বন্ধ থাকা সাতটি দোকানের আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস বলেন, “আমাদের প্রতিষ্ঠানের সীমানা সংলগ্ন সাতটি দোকানে আগুন লেগেছে। তবে দোকানগুলো গত এক বছর ধরে বন্ধ ছিল।”
