ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনের ব্যবধানে প্রধান সূচকের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। গতকাল মঙ্গলবার ডিএসই ব্রড ইনডেক্স ১১১ পয়েন্ট বেড়েছে। সেইসঙ্গে দাম বেড়েছে লেনদেনে অংশ নেওয়া ৯৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণোদনা স্কিমের ৮৫ কোটি ৬৪ লাখ টাকা ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেওয়ার পর মঙ্গলবার এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। হঠাত্ এমন উল্লম্ফন হলেও কয়েক মাস ধরেই শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করছে। চলতি সপ্তাহের শুরুর দুই দিন রবি ও সোমবার দরপতন ঘটে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিও গঠন করে বিএসইসি। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ১২ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৭৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩১৭ কোটি ৬ লাখ টাকা। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫০৭৭ দশমিক ৭৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৮১৪ দশমিক ৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১১৬৪ দশমিক ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল, ফরচুন সুজ, সিনোবাংলা ইন্ডা., স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বীকন ফার্মা, ন্যাশনাল পলিমার ইন্ডা., ব্র্যাক ব্যাংক, সীপার্ল রিসোর্ট ও মুন্নু সিরামিকস। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আজিজ পাইপস, লিগেসী ফুট, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, অলিম্পিক এক্সেসরীজ, সিএপিএম আইবিবিএল মি. ফা., এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড., কে এন্ড কিউ, খান ব্রাদার্স পিপি ও এপেক্স ফুডস। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—প্রগ্রেসিভ লাইফ, বিআইএফসি, আরামিট সিমেন্ট, সোনারবাংলা ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স ও ট্রাস্ট ব্যাংক।
ডিএসইর মতো বড়ো উত্থান লক্ষ্য করা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ২৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৩ পয়েন্টে। হাতবদল হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর। লেনদেন হয়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা।
