সহিংস বিক্ষোভের পর ফ্রান্সে জ্বালানি তেলে কর বৃদ্ধির সিদ্ধান্ত ‘বাতিল’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

বিবিসি ও রয়টার্স

সহিংস বিক্ষোভের মুখে জ্বালানি তেলের ওপর বাড়তি করারোপের সিদ্ধান্ত থেকে পিছু হটছে ফ্রান্সের সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে টানা তিন সপ্তাহের ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনের পর দেশটির সরকার এই পদক্ষেপ গ্রহণ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ আন্দোলনকারীর সহিংস প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ শিগগিরই ‘মূল্যবৃদ্ধি স্থগিতের’ ঘোষণা দিতে যাচ্ছেন।

জ্বালানি তেলের ওপর বাড়তি কর আরোপের প্রতিবাদে গত মাসের মাঝামাঝি থেকে এ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহূত ইয়োলো ভেস্ট পরে অংশগ্রহণ নেন প্রতিবাদকারীরা। এ পর্যন্ত এ ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলনে অন্তত তিনজন নিহত হয়েছে। আন্দোলনের ডামাডোলে দেশজুড়ে সহিংসতা ও লুটতরাজ চলছে, বেশ কয়েকটি স্থাপনা ও ভাস্কর্যও ভাঙা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেও মুখোশ ও হলুদ জ্যাকেট পরিহিত আন্দোলনকারীদের দমানো যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ধীরে ধীরে ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মঞ্চ হয়ে উঠছে। তবে বিভিন্ন বামপন্থি গোষ্ঠীগুলোর পাশাপাশি সহিংস দুর্বৃত্তরাও এ আন্দোলনে অনুপ্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করছে বলে ধারণা পুলিশের।

পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী ফিলিপ। কিন্তু সোমবারই বিক্ষোভকারীরা ওই বৈঠকে অংশগ্রহণে নারাজি জানায়। আন্দোলনকারীদের একাংশ বলছেন, তারা কট্টরপন্থি বিক্ষোভকারীদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। সরকারের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে হুঁশিয়ার করতেই এ হুমকি বলেও মন্তব্য তাদের।

সংবাদমাধ্যমগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় আন্দোলন ফ্রান্সজুড়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লেও সরকারবিরোধী রাজনৈতিক পরিমণ্ডলেও এটি গ্রহণযোগ্যতা পায়। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিযোগ, তার নেওয়া সংস্কার কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই বিরোধীরা এ আন্দোলনকে ‘হাইজ্যাক’ করেছে।

ফ্রান্সে বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে এবং গত ১২ মাসে সেখানে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে।  গত দশকের প্রথম দিক বাদে এখনই দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি। বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার সেখানে ‘পরিস্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন কর বাড়িয়েছিল। দেশটিতে প্রতি লিটার ডিজেলের ওপর ৭.৬ সেন্ট ও প্রতি লিটার পেট্রোলের ওপর ৩.৯ সেন্ট হারে কর আরোপ করা হয়। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে আরও ৬.৫ সেন্ট ও ২.৯ সেন্ট হারে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।