মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের আগের দিন গেলো বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সহিংসতার সময় গুলিতে দিনমজুর সজল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বিপ্লবকে হাজির করে সজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সজিব দে। এদিন ওই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও করেন তিনি।
তার পক্ষে জামিন এবং রিমান্ড নামঞ্জুরের আবেদন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্র পক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ পর মিনিট রিমান্ড শুনানি হয়।
শুনানি শেষে তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে এরপরই আদালত এলাকায় ফয়সাল বিল্পবের ফাঁসির দাবিতে বিক্ষোভে অংশ নেয় অর্ধ সহস্রাধিক মানুষ। ছাত্র-জনতা ব্যানারে এই বিক্ষোভ থেকে মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়।
বিক্ষোভকারীরা জানান, সাধারণত সকাল ১০ টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই কিন্তু এত আগে তাকে আনা হবে এটি তারা জানতেন না। বিক্ষোভে ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।
গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেপ্তার হন মুন্সীগঞ্জ- ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয়৷ এরপর গত সোমবার তাকে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিনজন নিহত হন। এই তিনটি হত্যা মামলা ও আরও দুইটি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব৷
বিপ্লব সবশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন
