ওয়েস্ট ইন্ডিজ দলে পোলার্ড-নারিন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:০৮

দুনিয়ার যে কোনো প্রান্তে টি-টোয়েন্টি লিগের সেরা আকর্ষণ ওয়েস্ট ইন্ডিজের এই তারকারা। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ দলেই তারা নানা কারণে থাকেন অনুপস্থিত। নতুন বোর্ড নির্বাচনের পর ফ্যাঞ্চাইজিভিত্তিক এসব খেলোয়াড়ের সঙ্গে বোর্ডের দূরত্ব কমতে শুরু করেছে। তার ফলে বিশ্বকাপেই আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়কে দেখা গেছে। এবার ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সুনীল নারিন ও কিয়েরন পোলার্ড।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে দীর্ঘকাল পর ডাক পেয়েছেন নারিন ও পোলার্ড। এই দলে আছেন রাসেলও। তবে রাসেলকে ফ্লোরিডায় প্রথম ম্যাচের আগে ফিটনেস টেস্টে অংশ নিতে হবে। এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ক্রিস গেইল। তিনি এর বদলে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন।

এবার দলে ফেরা নারিন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে; ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বর মাসে। ভারতের বিপক্ষে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যান্থনি ব্রাম্বল। এ ছাড়া দলে আছেন কারি পিয়েরে ও জন ক্যাম্পবেল।

দল সম্পর্কে বলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রবার্ট হেইন্স বলেছেন, ‘এই স্কোয়াডটা অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো একটা মিশ্রণ। এটা শুধু বর্তমানের ব্যাপার নয়। আমরা আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেও চোখ রাখছি। আমাদের জন্য খেলোয়াড়দের সঠিক সমন্বয় ও শিরোপা ধরে রাখার উপায় খুঁজে পাওয়াটা জরুরি।’

নারিন ও পোলার্ডের ব্যাপারে বলতে গিয়ে হেইন্স বলেছেন, এই দুই জনের অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চান, ‘আমরা মনে করেছি, নারিন ও পোলার্ড সারা বিশ্বে যেহেতু টি-টোয়েন্টি লিগ খেলে, তারা মানসিকভাবে তৈরি ও শারীরিকভাবে ফিট থাকলে তাদের অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে দেওয়া উচিত।’

নারিন ও পোলার্ডের ফেরা ছাড়া এ দলে আলোচিত বিষয় হলো ব্রাম্বেলের দলে সুযোগ পাওয়া। সম্প্রতি সিপিএল ড্রাফটে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স দলে সুযোগ পেয়েছেন এই কিপার ব্যাটসম্যান। গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ বি দলের হয়ে খেলেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ-ভারত

সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি      ৩ আগস্ট

দ্বিতীয় টি-টোয়েন্টি     ৪ আগস্ট

তৃতীয় টি-টোয়েন্টি     ৬ আগস্ট

প্রথম ওয়ানডে          ৮ আগস্ট

দ্বিতীয় ওয়ানডে         ১১ আগস্ট

তৃতীয় ওয়ানডে         ১৪ আগস্ট

প্রথম টেস্ট               ২২ আগস্ট

দ্বিতীয় টেস্ট             ৩০ আগস্ট