ইতিমধ্যে ছয়টি দল নিশ্চিত করে ফেলেছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। বাকি দুটি জায়গার জন্য লড়াই হবে রাউন্ড অব ষোলোর শেষ দিনের দুই ম্যাচে। আজ রাতে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস। আর আগামীকাল সকালে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড ও মন্টেরে।
রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়, যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এর আগে জুভেন্তাস গ্রুপপর্বে 'জি' গ্রুপ থেকে রানার্সআপ হয়ে রাউন্ড অব ষোলোতে উঠেছে। অন্যদিকে 'এইচ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিলেন জাবি আলোনসোর শিষ্যরা। এবার লক্ষ্য, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া।
রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। অন্যদিকে, জুভেন্টাস এখনো এই প্রতিযোগিতায় শিরোপার মুখ দেখেনি। রাউন্ড অব ষোলোয়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকালে। যেখানে মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও মেক্সিকান ক্লাব মন্টেরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

