ভোগান্তির অপর নাম দরবস্ত–কানাইঘাট সড়ক

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭:১৫

সিলেটের জৈন্তাপুর থেকে কানাইঘাট পর্যন্ত আঞ্চলিক সংযোগ সড়ক দরবস্ত–কানাইঘাট রাস্তার বেহাল দশা এলাকাবাসীর জন্য যেন দুর্ভোগের স্থায়ী রূপ নিয়েছে। দীর্ঘ এক দশকেও এই সড়কে হয়নি কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। সড়কজুড়ে বড় বড় গর্ত, ধুলাবালি ও খানাখন্দে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিপদে পড়ছে নারী-শিশু, গর্ভবতী নারী এবং জটিল রোগীসহ সব শ্রেণিপেশার মানুষ।

ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে ৪৩ কিমি সড়কপথ
সরেজমিনে দেখা গেছে, ৪৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কে খানাখন্দে যান চলাচল কঠিন হয়ে উঠেছে। প্রতিদিন এ পথে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, দিনমজুরসহ প্রায় ৩ লাখ মানুষ যাতায়াত করেন। ধুলাবালিতে ভোগান্তির পাশাপাশি নানা শারীরিক সমস্যায় ভুগছেন স্থানীয়রা।

এক যুগে শুধু নামমাত্র মেরামত, বিল উত্তোলনের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের দীর্ঘদিনের গাফিলতি ও কিছু ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়ম এই সড়ককে চলাচলের অযোগ্য করে তুলেছে। গত বছর কিছু জায়গায় নামমাত্র খুঁড়েখুঁড়ে কাজ দেখিয়ে মোটা অঙ্কের বিল তুলেছেন এক ঠিকাদার—জাহিদ ইকবাল নামে একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।

তারা জানান, ১০ বছর আগে “এএসবিএস” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কে সর্বশেষ কার্পেটিং কাজ করেছিল। এরপর থেকে আর কোনো উন্নয়ন হয়নি।

সওজের আশ্বাস: টেন্ডার প্রক্রিয়াধীন
এ বিষয়ে সিলেট সড়ক ও জনপদ বিভাগের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন সুহাগ জানান, “দরবস্ত–কানাইঘাট সড়কে চলতি অর্থবছরে কোনো বরাদ্দ নেই। তবে নতুন করে টেন্ডার আহ্বানের প্রস্তুতি চলছে। নিয়মিত সংস্কারের কাজ কিছুটা চলমান রয়েছে। টেন্ডার হলেই টেকসই সমাধান হবে।”

সাবেক চেয়ারম্যানের হুঁশিয়ারি: কর্মসূচি ছাড়া বিকল্প নেই
দীর্ঘদিনের এ ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। তিনি বলেন, “ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন লাখো মানুষ কষ্ট করে চলাফেরা করছে। এ অবস্থায় সওজ দায় এড়াতে পারে না। যদি দ্রুত রাস্তার উন্নয়নের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জনগণকে নিয়ে তামাবিল মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।”

ইত্তেফাক/এএইচপি