বসুন্ধরা কিংস আজ বুধবার মোহামেডান স্পোর্টিংকে হারালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হবে। নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে খেলাটি।
একইদিনে পেশাদার ফুটবল লিগের অপর খেলায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা-শেখ রাসেল ও বিজেএমসি-আরামবাগ পরস্পরের মুখোমুখি হবে।
বড়ো বাজেটের দল বসুন্ধরা কিংস পেশাদার লিগে উঠে আসার পর থেকেই দাপটের সঙ্গে খেলছে। গত খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে হেরে না গেলে সিলেটেই শিরোপা উত্সব করতে পারত। কিন্তু ফুটবলামোদীদের অবাক করে দিয়ে দলটি ২০ ম্যাচ পর পরাস্ত হয়। ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ২১ খেলায় ৫৮ পয়েন্ট। হাতে থাকে তিনটি খেলা।
শিরোপাধারী আবাহনী আগের খেলায় জিতে ২২ খেলায় ৫৪ পয়েন্ট নিয়ে এখনো আশায় আছে। এজন্য তাদের অবশিষ্ট দুই খেলায় জিততেই হবে এবং একই সঙ্গে আশায় থাকতে হবে বসুন্ধরা যেন তিন খেলার সবকটিতে হারে। সঙ্গত কারণেই আবাহনীর শিরোপা রক্ষার কাজটি দুরহই।
আবার বসুন্ধরার জন্যও যে আজকের খেলাটি সহজ হবে, এমন নয়। বিশেষ করে মোহামেডান ফিরতি লেগে কোচ বদলিয়ে সুফল পাচ্ছে। সাদা কালো জার্সিধারীরা সর্বশেষ টানা দুই খেলায় জিতেছে। এর একটিতে তারা আবাহনীকে হারিয়েছে ৪-০ গোলে। এ জয়ে রেলিগেশনের দুশ্চিন্তা থেকে প্রায় বেরিয়ে এসেছে মোহামেডান।
এ কারণেই ফুটবল সংশ্লিষ্টদের মতে খেলাটি বসুন্ধরার জন্য প্রথম লেগের মতো সহজ নাও হতে পারে। প্রথম লেগে মোহামেডানকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটির জন্য স্বস্তির ব্যাপার হলো নিজেদের ভেন্যু এখনো অপরাজিত আছে বসুন্ধরা।
তবে খেলাটিতে বাদ সাধতে পারে আবহাওয়াও। আমাদের নীলফামারি প্রতিনিধি জানিয়েছেন সেখানে একটানা বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গতকাল দিনভর তুমুল বৃষ্টি হচ্ছিল সেখানে।
নোফেলের হার
এদিকে নোয়াখালীর শহিদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে নোফেলকে। এ হারে স্বাগতিকদের বাদ পড়ার শঙ্কা জোরদার হলো। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে গতকাল রাতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের খেলাটির ফলাফলের ওপর।
আজকের খেলাগুলো:
বিজেএমসি-আরামবাগ ও বসুন্ধরা-মোহামেডান, মুক্তিযোদ্ধা-শেখ রাসেল (৪টা), আবাহনী-চট্টগ্রাম আবাহনী (সন্ধ্যা ৭টা)
