বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিনদিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০২৫ জনে। একইদিনে ডেঙ্গুতে আক্রান্ত একজন রোগী মারা গেছেন, ফলে এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৭৩ জন, বেতাগীতে ১ জন, পাথরঘাটায় ২ জন, তালতলীতে ৬ জন এবং বামনায় ১১ জন রয়েছেন।
বরিশাল নেওয়ার পথে প্রাণ গেল বিপ্লবের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম বিপ্লব। তিনি বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ছিলেন। গতকাল রাতে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালে ভর্তি ২১৭ জন
বর্তমানে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩ জন, আমতলীতে ৮ জন, বেতাগীতে ২ জন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় ৩ জন এবং তালতলীতে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলাভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বাধিক আক্রান্ত বরগুনা সদর উপজেলায় – ২,৭৩০ জন। এছাড়া তালতলী উপজেলায় ৩৭ জন, বামনায় ৭৯ জন, বেতাগীতে ২৯ জন, আমতলীতে ৩০ জন এবং পাথরঘাটায় ১২০ জন আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর হার উদ্বেগজনক
এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন বরগুনা সদর উপজেলার বাসিন্দা। পাথরঘাটা উপজেলায় ১ জন এবং বেতাগী উপজেলায় ২ জন মারা গেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, সতর্কতা জারি
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন,“দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। আমাদের চিকিৎসাসেবা ইতোমধ্যেই চাপে পড়েছে। এমন অবস্থা চলতে থাকলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”
তিনি আরও বলেন, “স্থানীয়দের সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং ব্যাপকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।”
