এবার হামেসে চোখ অ্যাটলেটিকোর

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:১০

অ্যাটলেটিকো মাদ্রিদ ‘নতুন রোনালদো’ খ্যাত হোয়াও ফেলিক্সকে কিনেই তৃপ্তির ঢেঁকুর তুলছে না। চলতি দলবদল মৌসুমেই বায়ার্ন মিউনিখে ধারে খেলতে থাকা হামেস রদ্রিগেজ কিংবা টটেনহ্যাম হটস্পার মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে দলে টানতে চায় তারা। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের অভিমত, স্পেনে অভিজ্ঞতার কারণে হামেসই এই দৌড়ে এগিয়ে আছেন।

চলতি দলবদল মৌসুমের একটা সময় এরিকসেনই কোচ দিয়েগো সিমিওনের পছন্দের শীর্ষে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বায়ার্নে দুই বছর ধারে খেলে রিয়াল মাদ্রিদে ফেরা হামেস অ্যাটলেটিকোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

কলম্বিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে অ্যাটলেটিকোকে। যেখানে এরিকসেনকে পেতে হলে টটেনহ্যামকে ৬০ থেকে ৮০ মিলিয়ন ইউরো দিতে হবে দলটিকে। সঙ্গে যোগ হয়েছে হামেসের লা লিগা অভিজ্ঞতা। ফলে রিয়ালকে একটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই মিডফিল্ডারকে এরিকসেনের চেয়ে ভালো বিকল্প হিসেবেই দেখছে, জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা।

সম্প্রতি দুই বছর ধারে খেলা শেষ করে রিয়ালে ফিরেছেন হামেস। তবে কোচ জিনেদিন জিদান তার পরিকল্পনায় রাখছেন না এই খেলোয়াড়টিকে। আরেকটা ‘গ্যারেথ বেল পরিস্থিতি’ এড়াতে জিদান কলম্বিয়ান এই মিডফিল্ডারের দলবদলের ব্যবস্থা করার আদেশ দিয়েছেন ক্লাবকে।

তবে খেলোয়াড়টিকে দলে টানার দৌড়ে অ্যাটলেটিকো ছাড়াও আছে ন্যাপোলি। সাবেক গুরু কার্লো অ্যানচেলত্তি আবারও দলে চান তাকে। তবে মার্কার মতে, বর্তমান অবস্থা থেকে নাটকীয় কোনো পরিবর্তন না এলে শেষমেশ অ্যাটলেটিকোই হতে যাচ্ছে হামেসের নতুন ঠিকানা।