চারদিনের ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ তে সিরিজ হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। ওয়ানডে সিরিজেও আফগানদের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারছে না স্বাগতিকরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই হারে ২-০ তে পিছিয়ে পড়েছে ‘এ’ দল। চট্টগ্রামে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আবারও আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
ইমরুল কায়েস-ফজলে রাব্বিদের জন্য আজকের ম্যাচটি সিরিজ বাঁচানোর লড়াই। আজ হারলেই সিরিজ ফসকে যাবে। ঘরের মাঠে দুই ফরম্যাটেই আফগানদের কাছে সিরিজ হারের লজ্জা এড়াতে জয়ের বিকল্প নেই ‘এ’ দলের সামনে। তাই জিততেই হবে সমীকরণ নিয়ে আজ খেলতে নামবে ‘এ’ দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
জাতীয় দলের চার ক্রিকেটার নিয়েও প্রথম দুই ম্যাচে আফগানদের হারানো যায়নি। আজকের ম্যাচে বাংলাদেশের দলটা আগের তুলনায় আরো খর্বশক্তির। দুই ম্যাচ খেলে শ্রীলঙ্কা চলে গেছেন এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমান ও মোহাম্মদ মিঠুন। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন জাকির হাসান, জাকের আলী, শফিউল ইসলাম ও শফিকুল ইসলাম।
আগামী ২৭, ২৯ জুলাই বিকেএসপিতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
