বিমানে যাত্রীর সঙ্গে ‘অতিথি’ সাপ, দুই ঘণ্টা দেরিতে উড়ল ফ্লাইট

আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:১০

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঘটে গেল চমকপ্রদ এক ঘটনা। যাত্রীদের বোর্ডিংয়ের সময় প্লেনের কার্গো হোল্ডে দেখা যায় একটি সাপ! এতে ফ্লাইট ছাড়তে দেরি হয় প্রায় দুই ঘণ্টা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় সকালবেলা। ফ্লাইট নম্বর ভিএ৩৩৭-এ বোর্ডিংয়ের আগে কার্গো হোল্ডে একটি সবুজ রঙের সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে। প্রায় ৬০ সেন্টিমিটার (দুই ফুট) দীর্ঘ সাপটি প্রথমে বিষধর মনে হলেও পরে শনাক্ত হয় এটি ছিল নিরাপদ প্রজাতির ‘গ্রিন ট্রি স্নেক’।

মার্ক পেলে বলেন, “সাপটি আংশিকভাবে লুকানো ছিল এবং সহজেই কেবিনের ভেতরে ঢুকে পড়তে পারতো। ভাগ্য ভালো, প্রথম চেষ্টাতেই ধরে ফেলতে পেরেছি। না হলে পুরো বিমান খালি করে কাঠামোর কিছু অংশ খুলে ফেলতে হতো।”

ঘটনার পর ফ্লাইটটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ছেড়ে যায় বলে জানান অস্ট্রেলিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র।

ধারণা করা হচ্ছে, সাপটি আগের কোনো ফ্লাইটে যাত্রীর ব্যাগের মাধ্যমে বিমানে উঠে আসে এবং পরে পালিয়ে যায়। তবে অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইন নীতির কারণে বনে ফেরত পাঠানো যায়নি সাপটিকে। বর্তমানে এটি মেলবোর্নের এক পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

ইত্তেফাক/আইএ