যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ ঘটনায় প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধের ঘটনা ঘটল। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত সমস্যার কারণে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য স্থগিত করেছিল এফএএ।

এফএর নির্দেশনায় বলা হয়েছে, ইতিমধ্যে আকাশে থাকা উড়োজাহাজগুলো নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণে দেশজুড়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন। পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

এর আগে শিকাগোতেও বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করেছিল এফএএ। সে সময় নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিল সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংকট রয়েছে। পুরোনো যন্ত্রপাতি, যোগাযোগব্যবস্থার দুর্বলতা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রককর্মীর ঘাটতি এ খাতের কার্যক্রমকে চাপে ফেলেছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে পুরোনো অবকাঠামো পরিবর্তন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ।

এ উদ্যোগ বাস্তবায়নে গত বছর মার্কিন কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয়। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউসের পক্ষ থেকে আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলার বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

ইত্তেফাক/এসজেএস