অস্ত্র ঠেকিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা

মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি

আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৩০

ঢাকার কেরানীগঞ্জের ভাগনা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে জমির মালিক কামাল হোসেনকে অস্ত্র ঠেকিয়ে জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার চেষ্টা এবং জমি রেজিস্ট্রি ঠেকাতে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। 

বুধবার (২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল হোসেন, তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, কেরানীগঞ্জের বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি করা ইলেকট্রনিক সামগ্রী তিনি নবাবপুর রোডের বিভিন্ন দোকানে পাইকারি সরবরাহ করেন। এরই জের ধরে নবাবপুর বড় মসজিদ গলির মিম হার্ডওয়্যারের স্বত্বাধিকারী সোলায়মান লিটনের কাছে ৪১ লাখ টাকার পণ্য বাকি পড়ে যায়। তিনি আজ দিব, কাল দিব করে নানা টালবাহানা করতে থাকেন। এ নিয়ে কেরানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অফিসে দফায় দফায় সালিশ হয়। 

গত ৪ মে বংশালের সুরিটোলায় লিটনের সঙ্গে দেখা হলে তার কাছ থেকে পাওনা টাকা চাই। তখন টাকা দিবেন বলে আমাকে সুরিটোলার ২০২/২, লুৎফর রহমান লেন, আইয়ুব ভবনে নিচতলায় একটি কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে তারা কক্ষে দরজা বন্ধ করে দিয়ে আমার সঙ্গে থাকা ৫ লাখ টাকা কেড়ে নেয়। এরপর তারা পিস্তল ঠেকিয়ে আমার কেরানীগঞ্জ ভাগনা মুসলিমবাগ এলাকার আমার রেজিস্ট্রিকৃত ২.৫ শতাংশ জমি পলি বেগম নামে একজনকে দলিল গ্রহীতা এবং আমাকে দলিলদাতা উল্লেখ করে লেখা দলিলে আমার স্বাক্ষর নিয়ে পালিয়ে যায়। 

পরে আমি এ ঘটনায় আদালতে একটি মামলা করি। মামলার কপি নিয়ে পরদিন কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগ দেই। সাব-রেজিষ্ট্রার আমার অভিযোগ আমলে নিয়ে উক্ত দলিল সম্পাদনার কার্যক্রম স্থগিত রাখেন। এ নিয়ে সোলায়মান লিটনসহ অন্য আসামীরা মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের আইজি ও ঢাকা জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেন। 

ইত্তেফাক/এমএস