ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল ইস্যুতে উত্তাল ক্যাম্পাস। আন্দোলনের কারণে ছাত্রলীগের কয়েক হাজার কর্মী ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছে না উল্লেখ করে সমস্যার সমাধান চেয়ে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে থাকা ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলা ও পরবর্তীতে ভিপি নুরুল হক নুরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি থাকলেও অধিভুক্তি বাতিলসহ হামলার প্রতিবাদে আগামীকাল ক্লাস, পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা।
গতকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের অনুপস্থিতিতে প্রো-ভিসি প্রফেসর ড. মো. সামাদের কাছে স্মারকলিপি তুলে দেয় ছাত্রলীগ। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে করে সংগঠনটি। এ সময় সেখানে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি নিয়ে যাওয়ার আগে তৃতীয় দিনের মতো প্রাশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা লাগিয়ে কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতারা প্রাশাসনিক ভবনে গেলে সেখানে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে সেখানে ডাকসুর সমাজসেবা সম্পাদক উপস্থিত হয়ে কথা বলতে এগিয়ে যান। ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্রীদের সরিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রাশাসনিক ভবনের তালা ভেঙে ফেলেন। একই সময়ে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও অন্যান্য ভবনের তালা ভেঙে ফেলেন।
ছাত্রলীগের নেতারা প্রো-ভিসি প্রফেসর ড. মো. সামাদের কাছে সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যার ত্বরিত ও স্থায়ী সমাধান দাবি করেছেন। এ সময় ডাকসুকে ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ অবলম্বন করায় ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে ডাকসুতে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এদিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর হামলার অভিযোগ এনে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। এর পর অপরাজেয় বাংলার পাদদেশে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসলে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে এসে তাদের ঘিরে ধরে। এ সময় ডাকসু ভিপিকে উদ্দেশ করে বিভিন্ন রকমের গালাগালি দিতে থাতে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি থাকলেও আগামীকালও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, আন্দোলনে সমর্থন জানানোর কারণে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। কিন্তু আমরা পিছু হটব না।
