ঈদের এক সপ্তাহ আগে সড়ক মেরামতের কাজ শেষ করুন

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৫৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আসন্ন ঈদুল-আজহার এক সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কসমূহের চলমান জরুরি মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের বন্যায় স্থানীয় সরকার বিভাগের আওতায় সড়কগুলোরই বেশি ক্ষতি হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়কের কম ক্ষতি হয়েছে। সেতুমন্ত্রী এসব সড়ক-মহাসড়ক জরুরিভিত্তিতে মেরামত করতে নির্দেশ দিয়েছেন। এবারও ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।