যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিজেদের কাজ ঠিকঠাক করেছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব রিয়াল একই রাতে মন্টেরি ১-২ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে জার্মান ক্লাব ডর্টমুন্ড। তাতে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির লড়াই মানেই টানটান উত্তেজনা, কাঁপন ধরানো রোমাঞ্চ।
তবে এবারের লড়াইটা হতে পারত আরও একটা বিশেষ মঞ্চ। এই ম্যাচে দেখা যেত ভাই বনাম ভাইয়ের লড়াই। একদিকে রিয়ালের হয়ে বড় জুড বেলিংহ্যাম, অন্যদিকে ডর্টমুন্ডের জার্সিতে ছোট ভাই জোব বেলিংহ্যাম। ফুটবলবিশ্ব তাকিয়ে ছিল ইতিহাস গড়ার অপেক্ষায় প্রথম বারের মতো দুই ভাইয়ের মুখোমুখি সংঘর্ষ বিশ্বমঞ্চে। কিন্তু নিয়তি যেন এক নির্মম নাট্যকার। সেই কাঙ্ক্ষিত দ্বৈরথ আর হচ্ছে না। তাতে ভাটা পড়েছে ফুটবল সমর্থকদের প্রত্যাশায়।
বাংলাদেশ সময় গতকাল সকাল ৭টায় নকআউট পর্বের ম্যাচে ম্যাক্সিকান ক্লাব মন্টেরে-এর বিপক্ষে মাঠে নামে জার্মান ক্লাব ডর্টমুন্ড। এই ম্যাচের ২৮তম মিনিটেই নিশ্চিত হয়ে যায়, ডর্টমুন্ড জিতলেও কোয়ার্টার-ফাইনালে খেলতে পারবেন না জোব। নেলসন দেওসাকে ফাউল করে তখন হলুদ কার্ড দেখেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসানের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন জোব। কাকতালীয়ভাবে, সেটিও ছিল ম্যাচের ২৮তম মিনিটে! টানা দুই হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন জোব। কোয়ার্টার-ফাইনালে তাই দুই বছরের বড় ভাই জুড বেলিংহ্যামের সঙ্গে মোকাবিলা হচ্ছে না তার। মাঠেই মাথা নিচু করে হতাশায় ডুবে যান তরুণ মিডফিল্ডার।
পরে ম্যাচ শেষে কোচ নিকো কোভাচ জানান, 'ও জানতই না যে দ্বিতীয় হলুদ মানেই নিষেধাজ্ঞা। বিরতিতে বিষয়টা জানার পর ও যেন নিজেই বিশ্বাস করতে পারছিল না।' তবে কোচ আশাবাদী, এই রোমাঞ্চকর গল্প এখানেই শেষ নয়। অদূর ভবিষ্যতে এই প্রতিক্ষিত লড়াই দেখা যাবে কোনো এক ম্যাচে। নিকো বলেন, 'দুজনেই তরুণ। আমি নিশ্চিত, ভবিষ্যতে হয়তো আগামী মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে তাদের মুখোমুখি দেখব। ক্লাব বিশ্বকাপে এই অধ্যায়টা হয়তো লেখা গেল না, তবে বইটা এখনো খোলা। ভবিষ্যৎ ওদের জন্যই।'
আগামী শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেমির টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হবে দুই ইউরোপীয় জায়ান্ট-ডর্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদ। বিজয়ী দল পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ কিংবা পিএসজির। সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে রোমাঞ্চ অনিবার্য।

