‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’ মনে করে, কোনো ফৌজদারি অপরাধীকে ক্ষমা করার একক অধিকার রাষ্ট্রপতির থাকা উচিত নয়। এ ছাড়া দলটি জনস্বার্থে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণের প্রস্তাবেও পূর্ণ সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আজকের আলোচনায় রাজনৈতিক দলগুলো দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হয়েছে—একটি হলো রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা প্রদান সংক্রান্ত বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, এবং অপরটি হলো বিচারপ্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা।’
এবি পার্টির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, শুধু বিভাগীয় শহর নয়, প্রয়োজনীয়তা অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা উচিত। বর্তমানে ১৮ কোটি মানুষ বিচারের জন্য ঢাকামুখী হয়। এতে শুধু অর্থ ও সময় নয়, মানুষের ভোগান্তিও বাড়ে। একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য বিচারপ্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রয়োজন।’
