আদালতকে পাশ কাটিয়ে অবৈধদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৫৫

আদালতকে পাশ কাটিয়ে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এজন্য নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই আইনের ফলে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে টানা দুই বছরের বেশি অবস্থানের প্রমাণ দিতে পারবেন না তাদেরকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রের বর্তমান আইনে সীমান্তে আটক হওয়া অভিবাসী যারা দুই সপ্তাহের কম সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হতো। কিন্তু অন্যত্র আটক হওয়া অভিবাসীদের আদালতে হাজির করা হতো এবং তাঁরা আইনজীবী নিয়োগের অধিকার পেতেন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এই আইনের ফলে কয়েক হাজার মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হবে। দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানায়, আইনটির বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন। মঙ্গলবার আইনটি প্রকাশ হওয়ার পরই কার্যকর শুরু হবে। হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকআলিনান বলেছেন, এই আইন সীমান্তে সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করবে। অভিবাসন সংকট নিরসনে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।