সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত দুইজন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেন—গ্রিনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন (২৭) ও মুরছালিন আসফিয়া (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম গ্রুপ এবং আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে টিলাগড় এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। এর জেরে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের মাধ্যমে সংঘর্ষের সূচনা হয়। অভিযোগ রয়েছে, মুনিম গ্রুপের কর্মীরাই প্রথমে মিনহাজের ওপর হামলা চালায়। পরে টিপু গ্রুপ পাল্টা প্রতিক্রিয়া জানালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় টিলাগড় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন, সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক মুজিবুর রহমান ঢাকা পোস্টকে জানান, টিলাগড়ে আধিপত্যের জেরে উত্তেজনা নিরসনে স্থানীয়ভাবে বৈঠকের উদ্যোগ চলছিল। এর মধ্যেই এক পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ায় নামে। তাৎক্ষণিক হস্তক্ষেপ করে সেনাবাহিনীর সদস্যরা দুজনকে আটক করে থানায় হস্তান্তর করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
