গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, দুই বছর পর চালক গ্রেফতার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৫৭

প্রাইভেটকার চাপায় হরিদাস গোপ নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যুর ঘটনায় দীর্ঘ দুই বছর পর গাড়িচালক নুরুল আমিনকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের জহুরি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই বলছে, বেপরোয়াগতিতে প্রাইভেটকার চালিয়ে হরিদাস গোপকে হত্যা করা হয়েছে। ২০১৭ সালের ১৩ আগস্ট সকালে পল্টন থানার বঙ্গবন্ধু এভিনিউ এর সোনালী ব্যাংকের সামনে গোয়ালা হরিদাস গোপ রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় নিহত হন। পরে প্রাইভেটকার ফেলে পালিয়ে যান চালক নুরুল আমিন। নিহতের ছেলে গৌতম গোপ বাদী হয়ে চালক নুরুল আমিনকে আসামি করে পল্টন থানায় মামলা করেন।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, নুরুল আমিনের পরিচিত এক ব্যক্তির মাধ্যমে পূর্বের কর্মস্থল থেকে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় বিভিন্ন তথ্যউপাত্ত। পরে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

নিহত হরিদাস গোপ গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের বাড়িতে ঘি তৈরি করে ঢাকায় বিক্রি করতেন। প্রাইভেটকার চালক নুরুল আমিনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।