পরিচালকের কাছে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:০৪

দীর্ঘ জল্পনা-কল্পনা ও নানা নাটকীয়তার পর অবশেষে ‘হেরা ফেরি ৩’-তে একসঙ্গে ফিরছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পারেশ রাওয়ালের সেই বহুল প্রশংসিত ত্রয়ী। প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শন নিজেই এবার পরিচালনার দায়িত্বে ফিরছেন। এর মধ্যেই সম্প্রতি অভিনেতা পারেশ রাওয়াল নিজে তার প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করেছেন। এ নিয়ে মুখ খুলেছেন পরিচালকও।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানান, পারেশ রাওয়াল তাকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন। প্রিয়দর্শনের ভাষায়, ‘আমি তো শুনে হতবাক! পারেশ বললেন, “স্যার, আমি সিনেমাটা করছি। আপনার প্রতি আমার চিরকাল শ্রদ্ধা ছিল। আমি তো আপনার সঙ্গে ২৬টা সিনেমা করেছি। ব্যক্তিগত কিছু জটিলতার কারণে সিনেমা ছাড়তে হয়েছিল। এর জন্য দুঃখিত।”’

তিনি আরও জানান, অক্ষয় কুমার ও পারেশ রাওয়াল দুজনেই ফোন করে জানিয়েছেন যে তাদের মধ্যে সব ঝামেলা মিটে গেছে।

৬৮ বছর বয়সী এই নির্মাতা বলেন, ‘অক্ষয়, সুনীল ও পারেশ—তিনজনই একসঙ্গে বসে নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করেছেন।’

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে পারেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তখন ব্যক্তিগত ও সৃজনশীল মতপার্থক্যের কথা জানিয়েছিলেন তিনি। এ নিয়ে অক্ষয় কুমার আইনি পদক্ষেপও নেন। তবে সময়ের ব্যবধানে সব কিছু স্বাভাবিক হয়।

সম্প্রতি একটি পডকাস্টে পারেশ বলেন, ‘ছবিটা তো হবেই, শুধু একটু ফাইন টিউনিং দরকার ছিল। আমাদের মধ্যে বন্ধুত্ব বহু বছরের, এটা শুধুই সাময়িক ভুল বোঝাবুঝি ছিল।’

পরিচালক প্রিয়দর্শন আরও জানান,  ‘আমি যতই চেষ্টা করি, “হেরা ফেরি” (২০০০)–এর গৌরব ছাপিয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় পর্বটা তো এমনিতেই দুর্বল ছিল, একটি হলিউড সিনেমার নকল। কিন্তু “হেরা ফেরি” তিন প্রধান চরিত্র—রাজু, শ্যাম আর বাবু ভাই—কে ছাড়া সম্ভব নয়।’

প্রিয়দর্শন একটি মজার ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘একবার বিমানে এক হীরা ব্যবসায়ী তাকে অনুরোধ করেছিলেন, "দয়া করে পরেশ রাওয়ালকে ফিরিয়ে আনুন, না হলে আমরা ছবিটি দেখব না।" 

পরিচালক নিজেই বর্তমানে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। তিনজন মূল অভিনেতা আবারও এক হয়ে পড়ছেন শ্যুটিংয়ে। এতে ‘হেরা ফেরি ৩’ নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে উঠেছে।

প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ এরপর ২০০৬ সালে আসে এর দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। দুটি ছবিই বক্স অফিসে দারুণ হিট হয় এবং দর্শকপ্রিয়তা লাভ করে। এই দুই ছবিতেই অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়াল ত্রয়ীর অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করে। 

ইত্তেফাক/এনএন