মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৭:৫৮

'অনৈতিকভাবে গঠিত' এবং 'বিতর্কিত' নেতৃত্বের অভিযোগ এনে ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্রজনতা ও সংগঠনের সাবেক নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান।

নাহিদ হাসান বলেন, “অহংকারপূর্ণভাবে ও অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনা-বেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসা নয়। যারা টাকার বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায়, তারা গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসাতে চায়।”

তিনি আরও অভিযোগ করেন, নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে যাঁকে বসানো হয়েছে, তাঁর পূর্বে সংগঠনের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি স্থানীয় ক্ষমতাসীন দলের এক নেতার পুত্র। আন্দোলনের প্রকৃত সৈনিকদের বাদ দিয়ে বিতর্কিত পন্থায় এই কমিটি গঠন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান ও সিফাত-এর নাম উল্লেখ করে বক্তারা বলেন, “আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত। অথচ যারা আন্দোলনের আশেপাশেও ছিল না, তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে।”

এ সময় বক্তারা জেলা কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জেলা 'জুলাই যোদ্ধা' কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, 'সিনিয়র জুলাই যোদ্ধা'র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইত্তেফাক/এএইচপি