গণপিটুনির ঘটনায় কোনো ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:০২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনির মতো ঘটনা ঘটাচ্ছে তাদের কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। পুলিশকে দুর্বল ভাববেন না। এ ধরনের অপরাধ যারা করছে তাদের খুঁজে বের করা হবেই। ছেলেধরা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কাউকে সন্দেহ হলে পুলিশের কাছে দিন। পুলিশের সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নিন।

গতকাল মঙ্গলবার সচিবালয় সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এযাবত্ সারাদেশে গণপিটুনিতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এসব ঘটনায় মামলা হয়েছে ৯টি, জিডি হয়েছে ১৫টি এবং গ্রেফতার করা হয়েছে ৮১ জনকে। গণপিটুনির সময় একজনের আঘাতে যদি ভিকটিমের মৃত্যু হয় তবে ওই ঘটনায় ১০০ জন থাকলেও সবারই একই সাজা হবে।  তাই এ ধরনের ন্যক্কারজনক কাজে যাবার আগে দ্বিতীয়বার ভেবে নিবেন।

তিনি বলেন, রাজধানীর বাড্ডায় গত শনিবার গণপিটুনিতে এক মাকে হত্যার ঘটনায় যারা জড়িত আছে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। এই দলের ৭ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এদের একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ৩ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আরো ৩ জনকে আদালতে হাজির করা হয়েছে। এভাবে সবাইকে ধরা হবে। গণপিটুনির মামলার দ্রুত চার্জশিট দেয়া হবে এবং দ্রুত নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, গুজবের বিরুদ্ধে স্কুল এবং মসজিদ-মাদ্রাসায় সচেতনতামূলক প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।