কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। কিবরিয়ার পিতা ইউনুস আলী সর্দার বাদী হয়ে এ রিট করেন। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রবিবার এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ সচিব, পুলিশের আইজি, বিআরটিএর চেয়ারম্যান, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ইলেকট্রনিকস এন্ড অটো মোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ ফয়েজউল্লাহ ফায়েজ সাংবাদিকদের জানান, সার্জেন্ট গোলাম কিবরিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি। গত ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্বরত অবস্থায় বেপরোয়া গতিতে চলতে থাকা যমুনা গ্রুপের একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে মোটরসাইকেল আরোহী কিবরিয়াকে চাপা দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গুরুতর আহত কিবরিয়াকে ঐদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৬ জুলাই তিনি মারা যান। কাভার্ড ভ্যানের চালক মো. জলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ ইতিমধ্যে একটি মামলা করেছে।
