ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় শাপলা তুলতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকালে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও মেয়ে জিন্নাত (৮)। তারা সহোদর ভাই-বোন।
নিহতদের খালা ইয়াসমিন বেগম জানান, শান্তিনগরের একটি ডোবায় প্রায়ই শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও তারা শাপলা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরেও তারা ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
পরদিন শুক্রবার সকালে ওই ডোবায় তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।"
