মেহেরপুর ও কক্সবাজারের উখিয়ায় দুইপক্ষের গোলাগুলিতে দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
উখিয়া (কক্সবাজার): উখিয়ায় ইয়াবা কারবারের আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধের জের ধরে গোলাগুলিতে রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের শামসুল আলম সিকদারের ছেলে নজরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার ভোরে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বৈরাগ্য ছড়ার খালের ব্রিজ সংলগ্ন সাগরপাড়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে নিহত ইয়াবা কারবারির লাশ ও লাশের পাশে পড়ে থাকা একটি একনলা দেশীয় তৈরি বন্দুক, গুলির খোসা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, ইয়াবা কারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধে নজরুল নামের এক ইয়াবা কারবারি নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বড়ো ভাই উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান মাহমুদ জানান, বর্তমানে লাশ দাফনের প্রক্রিয়া চলছে। শোকাহত এ মুহূর্তে কি করণীয় তা বলা যাচ্ছে না।
মেহেরপুর:মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্য বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম নামের এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত হামিদুল সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে।
