বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলীয় সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগস্টের আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৪ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে “জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে” আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, “জুলাই-আগস্টে কোমলমতি শিশুদের আত্মত্যাগের মাধ্যমেই স্বৈরাচারের পতন ঘটে। আজ দেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, কিন্তু সেই পরিবেশকে আবারও প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি সক্রিয় হয়ে উঠেছে।”
মেডিকেল ক্যাম্পে ৫০০ রোগীকে সেবা
এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ৫০০ জন বিভিন্ন বয়সী রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
