তুরস্ক সফররত নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সোমবার সে দেশের সেনা ও নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এর আগে নৌপ্রধান দেশটির প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেদেশের সেনাপ্রধান জেনারেল ইয়াছের গুলার এবং নৌপ্রধান অ্যাডমিরাল আদনান ওজভালের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে নৌপ্রধান সেখানে নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সাক্ষাত্কালে দুই দেশের নৌপ্রধান বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া তুরস্কের নৌপ্রধান ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সহায়তায় বাংলাদেশ তথা প্রধানমন্ত্রীর মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। বিকালে তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমির সঙ্গে সাক্ষাত্ করেন। এছাড়া নৌপ্রধান প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এসেলসান, রকেটসান, হ্যাভেলসান ও এসটিএমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
