আজ জবাব দিতে মুখিয়ে টাইগার বাহিনী

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৩:৪১

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা। যেখানে লঙ্কান স্পিনারদের রীতিমতো এলোমেলো হয়ে যান মেহেদী হাসান মিরাজরা। ব্যাটিং ব্যর্থতায় যে ধস নেমেছিল, সেটাই কাল হয়ে দাঁড়ায় টাইগারদের জন্য। এবার দ্বিতীয় ওয়ানডেতে সেই দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দলের ভেতরে। আজ বিকাল ৩টায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে নামছে মিরাজবাহিনী। এই ম্যাচে জবাব দিতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ, এমনটাই গতকাল ইঙ্গিত দিয়েছেন ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম।

প্রথম ম্যাচে ব্যাটিংয়ে শুরুর দিকে সম্ভাবনা দেখালেও সেটকে রূপ দিতে পারেননি কেউই। এ নিয়ে তানজিদ তামিম দ্বিতীয় ম্যাচের আগে আক্ষেপ করে বলেছেন, 'আমি আর শান্ত ভাই যে রকম সেট ছিলাম, আমরা যদি আরেকটু থাকতে পারতাম, অন্তত ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে বের হয়ে আসত। পরের ব্যাটারদের কাজও অনেক সহজ হয়ে যেত।' 

প্রথম ম্যাচের শিক্ষা মাথায় রেখেই দ্বিতীয় ম্যাচে উন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। উইকেটের চরিত্র বুঝে এগোনোর বার্তাও দিয়েছেন তানজিদ, 'এই উইকেটে যারা সেট হবে তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে। আমাদের একটাই বার্তা থাকবে ব্যাটারদের জন্য-নতুন যারা উইকেটে যায় তাদের একটু সময় নিয়ে ব্যাটিং করা এবং যারা সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।'

সিরিজে এখনো ফিরে আসার সুযোগ আছে বলে মনে করেন তানজিদ, 'সিরিজে এখনো আমাদের ফিরে আসার সুযোগ আছে। তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ হয়েছে। দ্বিতীয় ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা সিরিজে ভালোভাবেই থাকব।' 

প্রথম ওয়ানডের ব্যাটিং ধস প্রসঙ্গে তামিমও দেখছেন কিছু ইতিবাচক দিক, 'আসলে দেখেন এখানে পজিটিভ অনেক ভালো জিনিস হয়েছে নেগেটিভ থেকে। কারণ অনেক ভালো সুযোগ পেয়েছিলাম। ভালো বোলিং হয়েছিল, ফিল্ডিং অনেক ভালো ছিল। ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল, জাস্ট ১৭ ওভার পরে একটা কলান্স হয়েছে। যেটার কারণে ভালো করতে পারিনি। আশা করি যে আমরা এখান থেকে ফিরে আসব।' 

একই সঙ্গে তিনি এটাকে ব্যতিক্রম বলেও মনে করছেন, 'এটা আনএক্সপেক্টেড- দুর্ভাগ্যজনক বলব। সাধারণত এরকম খেলা আমরা দেখি না, সামনে এরকম ঘটনা ঘটবে না।'

ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে তানজিদ বলেছেন, 'আমার সবসময় ইচ্ছা থাকে যে ম্যাচ বাই ম্যাচ ভালো করার। প্রতি ম্যাচে ভালো কিছু করা, দলের যেটা চাওয়া সেটা যেন পূরণ করতে পারি।' 

দলের লক্ষ্য স্পষ্ট-আজকের ম্যাচেই ঘুরে দাঁড়ানো। প্রথম ম্যাচে যে ধরনের বিপর্যয় হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে না দাঁড়াতে পারলে সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হবে। বিশেষ করে ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং ও মিডল অর্ডারের ভঙ্গুরতা দলের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ।

ইত্তেফাক/জেডএইচ