দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ আট জন নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরের কাপাসিয়ায় দুই জন, ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের এএসআই, ত্রিশালে বৃদ্ধ, চট্টগ্রামে পথচারী যুবক, জামালপুরের দেওয়ানগঞ্জে শিশু, পটুয়াখালীর গলাচিপায় চায়ের দোকানদার ও রংপুরের পীরগঞ্জে একজন নিহত হয়। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কাপাসিয়া (গাজীপুর) :ঢাকা-কাপাসিয়া সড়কে গতকাল একটি যাত্রীবাহী বাস উলটে দুই যাত্রী নিহত ও অপর ১৭ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ভাওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কাপাসিয়া যাবার পথে সড়কের ভিটিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী বাসটি উলটে আহত হয় অন্তত ১৭/১৮ জন। তাদের মধ্যে গুরুতর আহত সাত জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক দুই জনকে মৃত ঘোষণা করেন। তারা হলো বাসের হেলপার উপজেলার কাপাসিয়া গ্রামের শাজাহানের পুত্র মানিক এবং গাজীপুরের ওমেরা গ্যাস কোম্পানির মার্কেটিং অফিসার চট্টগ্রাম জেলার মো. ছাইফুজ্জামান চৌধুরী। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাট থানার এএসআই আব্দুল হাই ঠাকুর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সম্প্রতি হালুয়াঘাট থানায় যোগদানকারী আব্দুল হাই ঠাকুর সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে হালুয়াঘাট থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহে যাওয়ার পথে তারাকান্দা থানার রুপচন্দ্রপুর নামক স্থানে সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে পিছন দিক থেকে আসা একটি ট্রলি তাদের চাপা দেয়। এ সময় স্ত্রীসহ তিনি গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হাইকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। পরে তিনি রাস্তায় মৃত্যুবরণ করেন। নিহতের তিন ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।
ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাদানী সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় ইদ্রিস আলী (৭০) নামে এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার বাড়ি উপজেলার কানাহারী ইউনিয়নের মান্দাটিয়া গ্রামে। ত্রিশাল থানার এস আই আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম : নগরীর হালিশহর সবুজবাগ এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় ৩০ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মুমূর্ষু অবস্থায় ঐ যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর :জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার মাদ্রাসা রোডে মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানান, পৌরসভার বাজারীপাড়া এলাকার বাসিন্দা চা স্টল কর্মচারী শাহ কামাল দুই বছরের শিশুকন্যা শারমিন আক্তারসহ সপরিবারে বন্যায় পানিবন্দি হয়ে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নেয়। গতকাল মঙ্গলবার সকালে শারমিন উক্ত বাড়ি থেকে রাস্তায় বের হলে উত্তর কালিকাপুর এলাকার বাসিন্দা নবরাজ দ্রুতগতিতে মোটরবাইক চালিয়ে এসে শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মতলেব প্যাদা (৭০) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মতলেব প্যাদা তেঁতুলতলা বাজারের দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় মতলেবকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিত্সার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাটে তার মৃত্যু হয়। মতলেব উপজেলার ডাকুয়া ইউনিয়নের মৃত আজিজ প্যাদার ছেলে।
পীরগঞ্জ (রংপুর) :রংপুরের পীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যমুনা রানী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালুয়া-লালদিঘী সড়কের মকিমপুরের কালা পীর সাহেবের দরগাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দ রসুলপুরের রণজিত চন্দ্রের স্ত্রী যমুনা পলাশবাড়ী উপজেলার ভেলাকুপা গ্রামের আব্দুল মান্নানের পুত্র গোবিন্দগঞ্জের রামপুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলামের মোটরসাইকেলে করে পীরগঞ্জের আনন্দনগরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের ধাক্কায় যমুনা রানী ছিটকে ট্রাকের নীচে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও মোটরসাইকেল চালক আনারুলকে আটক করেছে। ট্রাক চালক পলাতক।
