স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি ক্রয়ের নামে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন তাওহীদুর রহমানসহ ৯ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মামলার এসব আসামি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন : সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডাররক্ষক ফজলুল হক, হিসাবরক্ষক আনোয়ার হোসেন, মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, দিনাজপুরের ফুলবাড়ীর আব্দুর ছাত্তার সরকার, আহসান হাবিব ও আসাদুর রহমান, মাদারীপুরের আবু বকরসিদ্দিক এবং নিমিউ অ্যান্ড টিসির অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এ এইচ এম আব্দুল কুদ্দুস।
