কুমিল্লার দাউদকান্দিতে কৃষকদল নেতার মাথা ফাটানো সেই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলা বিএনপির সদস্যসচিব জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, গত ৩ জুলাই দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ হোসেন তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মিজানুর রহমান প্রধানের নামে ইন্ধন, মদদ ও নির্দেশনার অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা বিএনপি।
নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া, স্থানীয় তদন্তে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়া এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান প্রধানকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।
দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, মিজানুর রহমান প্রধানের লোকজন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদারের ওপর হামলা চালানোসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এজন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটা গ্রহণযোগ্য নয়। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, এই বহিষ্কারই প্রমাণ করে, কোন চাঁদাবাজ বা সন্ত্রাসের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কখনও কোন অন্যায়কারী বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না।
