কলম্বোয় এখন প্রচণ্ড গরম। গতকাল প্রস্তুতি ম্যাচে টানা বোলিং করা কঠিন হয়ে পড়েছিল পেস বোলারদের। ম্যাচ শেষ হতেই শ্রীলঙ্কা থেকে টিম ম্যানেজমেন্ট বাড়তি একজন পেস বোলার চায় নির্বাচকদের কাছে। এ কারণেই গতকাল রাতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পান ডানহাতি পেসার শফিউল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আজই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন শফিউল।
গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, আসলে ওখানে অনেক গরম। পেস বোলারদের জন্য কন্ডিশনটা কঠিন। তাই টিম ম্যানেজমেন্ট একজন পেসার চেয়েছে। আমরা শফিউলকে পাঠাচ্ছি।
চট্টগ্রামে ‘এ’ দলের হয়ে আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছিলেন শফিউল। হুট করেই এখন লঙ্কা মিশনে যেতে হচ্ছে তাকে। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি ডানহাতি এই পেসার। সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছেন শফিউল।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।
