রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরো চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। পরে আগামী ২৩ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। সাক্ষীরা হলেন—তরুণ গোমেজ, মো. হোসেন, মো. লেলিন মোল্লা ও সঞ্জয় বড়ুয়া। চার সাক্ষীই হলি আর্টিজানের কর্মচারী ছিলেন।
সাক্ষ্য দেওয়ার পরে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। এ নিয়ে মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। আসামিদের মধ্যে ছয়জন কারাগারে আছেন। দুই আসামি পলাতক রয়েছেন। সাক্ষ্য গ্রহণের আগে কারাগারে থাকা ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পরদিন সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। একই বছরের ৪ জুলাই নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।
