পাইলট নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগ

বিমানের সাবেক এমডিসহ ১০ জনকে দুদকে তলব

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:৩৪

ক্যাডেট পাইলট নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে প্রত্যেকের নামে পৃথক নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এর আগে গত ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক।

দুদক সূত্র আরো জানায়, মুসাদ্দিক আহমেদের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির একটি অভিযোগ আসার পর যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে অনুসন্ধান শুরু হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের লক্ষ্যে দুদক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান ছয় পরিচালক, সাবেক এমডিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

এ তলবি নোটিশে মুসাদ্দিক আহমেদকে ৩০ জুলাই সকাল ১০টায় উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদকে ২৯ জুলাই এবং বিমানের চিফ ফিন্যান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান খানকে ২৯ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

আর বিমানের পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পণ্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটারিয়াল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম, পরিচালক (কাস্টম সার্ভিস) মুমিনুল ইসলাম ও জিএম (প্রশাসন) বুশরা ইসলামকে ২৮ জুলাই তলব করা হয়েছে। তবে নোটিশে মুসাদ্দিক আহমেদ ছাড়া বাকিদের নির্ধারিত সময়ে দুদকে উপস্থিত হতে বলা হয়েছে।