ঘর থেকে পালিয়ে শহরের রাস্তায় ত্রাস ছরাচ্ছে পোষা সিংহ, মালিকদের গ্রেপ্তার

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৯:৪৯

ঘর থেকে পালিয়ে যাওয়ার পর এক নারী এবং তার তিন ছোট বাচ্চাকে আক্রমণ করা একটি পোষা সিংহের মালিকদের গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুসারে, পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে নাটকীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিংহটি একটি কংক্রিটের দেয়াল টপকে নারীকে তাড়া করছে। আশেপাশে ভীত লোকজন নিরাপত্তার জন্য দৌড়ে বেড়াচ্ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী এবং তার পাঁচ ও সাত বছর বয়সী সন্তানদের বাহু ও মুখে আঘাত লেগেছে। তবে এখন তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

পুলিশ সিংহের মালিকদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই বন্যপ্রাণী পালনের অভিযোগ এনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবহেলার কারণে এটি মালিকের কাছ থেকে পালিয়ে গেছে। পর সিংহটি আটক করে একটি বন্যপ্রাণী পার্কে নেওয়া হয়েছে।

পাকিস্তানে পোষা প্রাণী হিসেবে সিংহ রাখা একটি 'মর্যাদার প্রতীক'। দেশটিতে সিংহ, চিতা, বাঘ, পুমা এবং জাগুয়ারদের নিবন্ধন করে পোষার বৈধতা আছে। প্রতি প্রাণীর জন্য এককালীন ৫০,০০০ রুপি (১৭৬ ডলার) ফি প্রদান করতে হয়। তবে এই ধরনের প্রাণীদের শহরের সীমানার বাইরে রাখতে হবে।

ইত্তেফাক/এসকে