কক্সবাজারের চকরিয়ায় অভিযানে যাওয়া পুলিশের উপর হামলা করে আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব থাকা পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) তাকে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে একটি মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। সাজ্জাদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর সাজ্জাদকে থানার সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনেরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায়।
ওসি শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। তবে এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
তাছাড়া আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সোমবার রাত ১২টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেপ্তার করে অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা অতর্কিত হামলা করে। এসময় তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনার পর আমাকেই প্রত্যাহার করা হয়েছে।

