শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। পাল্লেকেলেতে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ এখন ১-১ সমতায়। তবে ম্যাচটি ঘিরে বড় প্রশ্ন তৈরি করেছে আবহাওয়ার পূর্বাভাস। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছেন মেহেদী হাসান মিরাজরা। ব্যাট-বল হাতে জ্বলে উঠেছেন অনেকেই। সেই আত্মবিশ্বাস নিয়েই সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে টাইগার বাহিনী। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।
প্রথম ম্যাচে হারের পর অনেকটাই চাপে ছিলেন সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে চিত্র বদলে যায়। ওপেনার পারভেজ হোসেন ইমনের পরে মিডল অর্ডারে ও তাওহীদ হৃদয়ের অর্ধশতক দলকে ভিত্তি এনে দেয়। সবচেয়ে বড় চমক ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। মূলত ব্যাটার হলেও তিনি বল হাতে ৯ ওভারে দেন মাত্র ২২ রান, তুলে নেন অধিনায়ক চারিথ আসালঙ্কার উইকেট। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে লঙ্কান এই অধিনায়কই জয় তুলে নিয়েছিলেন।
এ দিকে নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচেই শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। একইভাবে অধিনায়ক মিরাজ রান পাচ্ছেন না, বল হাতেও নিষ্প্রভ। জাকের আলী অনিকের ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠেছে। তাকে ওপরে তুলে আনলে হয়তো মিডল অর্ডারে স্থিরতা আসতে পারে। প্রথম দুই ম্যাচেই ভালো বল করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে আশিথা ফার্নান্দোর চার উইকেট সেই কথাই বলছে।
বাংলাদেশের টেলএন্ডারদের কেউ তেমন প্রতিরোধ গড়তে পারেনি। সবশেষ ম্যাচে ব্যাটিংয়ে হযবরল করেছিল শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেও উইকেট ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কুশল মেন্ডিস ২০ বলে হাফ-সেঞ্চুরি করে দারুণ শুরু দিয়েছিলেন। কিন্তু তার আউটের পর গতি হারায় ইনিংস। জানিথ লিয়ানাগে চেষ্টা করেছিলেন, কিন্তু জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি।
এ দিকে মাত্র দ্বিতীয় ওয়ানডেই তানভীর ইসলাম বাজিমাত করেছেন। বাঁহাতি এই স্পিনার একে একে ভেঙে দেন লঙ্কানদের গুরুত্বপূর্ণ জুটিগুলো। তুলে নেন পাঁচ উইকেট। জানালেন, টি-টোয়েন্টি সিরিজে যে নতুন অ্যাকশন নিয়েছিলেন, সেটি কাজ করেনি। তাই ফিরেছেন পুরোনো ছন্দে। সেই ছন্দেই বল ঘুরেছে, লাফিয়েছে-তার সামনে লঙ্কান ব্যাটাররা ছিলেন অসহায়।
সবকিছু ছাপিয়ে আজ শেষ ওয়ানডেতে চোখ দুই দলের সমর্থকদের। কে জিতবে এই ম্যাচ, সঙ্গে সিরিজ? সেই প্রশ্নে শঙ্কা জাগিয়েছে পাল্লেকেলের বৃষ্টির পূর্বাভাস। যদি খেলা পূর্ণ হয়, তবে দর্শকরা দেখতে পাবেন এক জমজমাট ফাইনাল। বাংলাদেশের সামনে সুযোগ, ইতিহাস গড়ার। আর শ্রীলঙ্কা চায়, ঘরের মাঠে সিরিজ হাতছাড়া না করতে। তবে জয়-পরাজয় নির্ভর করছে শুধু ব্যাট-বলের লড়াই নয়- আকাশের মুখভঙ্গির ওপরও।
লঙ্কানদের মাটিতে এখনো টাইগার বাহিনী ওয়ানডে সিরিজ জেতেনি। এর আগে দুই বার ড্র হয়েছে। সেই দুই বারই বৃষ্টির কারণে ১-১ এ সমতা হয়েছিল। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সামনে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জেতার সুযোগ এসেছে। তবে আজকের ম্যাচেও বৃষ্টি এলে টাইগার বাহিনী তৃতীয়বারের মতো হতাশ হবে।
