লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭:১২

নড়াইলের লোহাগড়া থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলায় নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ ২৯০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু অভিযোগ করেন, তার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এড়েন্দা গ্রামের জিল্লুর রহমানকে ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন আটক করেন। পরে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ৬ জুলাই বিষয়টি নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করা হয় এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে লোহাগড়া থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই ঊর্ধ্বতন নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।”

ইত্তেফাক/এএইচপি