হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো শুরু এনে দেন বোলাররা। তবে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। দলীয় ১৩ রানে ৬ বলে ১ রান করা নিশান মাদুশকাকে সাজঘরে ফেরান তিনি।
এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে শুরুর ধাক্কা সামাল দেন পাথুম নিশাঙ্কা। ৫৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে আউট করে বাংলাদশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম।
এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কুশল। তাকে ভালো সঙ্গ দেন অধিনায়ক আসালাঙ্কা। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৬০ বলে ফিফটি পূরণ করেন আসালাঙ্কা।
অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরিতে তুলে নেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
