বলিউডের ফ্যাশন ‘কুইন’ কঙ্গনা রানাউত। অভিনয়ে প্রশংসা, সোশ্যাল হ্যান্ডেলে বিতর্কের জন্ম আর নির্মাতা হিসেবে ফ্লপ হওয়া ভারতীয় এই অভিনেত্রীর একটা আলাদা ইমেজ রয়েছে। বিশেষকরে তার সিনেমা থেকে শুরু করে রানওয়ে এবং পার্লামেন্ট পর্যন্ত সব ক্ষেত্রেই তার দক্ষতার প্রমাণ রেখে এসেছেন।
এমনকি ক্যারিয়ারের চেয়ে রাজনীতিতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। তবে বছর ঘুরতেই রাজনীতি নিয়ে ভাবনা বদলে গেছে তার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সাক্ষাৎকারে কঙ্গনা স্পষ্ট করে বলেন, রাজনীতিতে বড় ত্যাগের প্রয়োজন, যা তিনি করতে চান না।
অভিনেত্রী বলেন, আমি স্বার্থপরের মতো জীবনযাপন করেছি। আমি চাই আমার বড় বাড়ি হোক, বড় গাড়ি হোক, প্রচুর হীরা থাকুক আমার কাছে, আমাকে দেখতে সুন্দর লাগুক। জানি না, ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন। কিন্তু আমি এত বড় ত্যাগ করতে চাই না।
পর্দায় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বাস্তবে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে আছে কি না, এমন প্রশ্নের জবাবে কঙ্গনা জানান, আমার মনে হয় না, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে নিষ্ঠা ও ইচ্ছার প্রয়োজন, তা আমার নেই। আর সমাজকর্মের কোনও অভিজ্ঞতাও নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে দলীয় অন্দরেও সমস্যায় পড়েছিলেন কঙ্গনা। এক ঘটনায় মত প্রকাশের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডার ফোন পেয়ে কঙ্গনা নাকি বলেছিলেন, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।
রাজনীতি নিয়ে উচ্চাকাঙ্ক্ষা নেই জানিয়ে কঙ্গনা আরও বলেন, রাজনীতির জগতে এগিয়ে যাওয়ার মতো গুণাবলী তার নেই, তাই এর চেয়ে বেশি উন্নতির কোনও পরিকল্পনাও নেই। প্রার্থনা করেন, ঈশ্বর যেন আমাকে কখনও প্রধানমন্ত্রী না করেন।
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। এই ছবিতে তিনি অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক ছিলেন। তবে বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে।

