সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই পীর) বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন, স্বৈরাচারবিরোধী বিচার ও কাঠামোগত সংস্কার একসাথে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
মঙ্গলবার (৮ জুলাই) নাটোরের গুরুদাসপুরে এক নিহত কর্মীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ইসলামী দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। আমরা এখন সব ইসলামী দলকে এক করার চেষ্টা করছি, যেন তারা একসাথে একই প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের লক্ষ্য, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল ও জনগণকে নিয়ে একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠন করা।”
চরমোনাই পীর আরও বলেন, “৫৩ বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের সংস্কৃতি বন্ধ করতে পারেনি। এখন শুধু ব্যক্তি বা দল পরিবর্তনে চলবে না, নীতি ও আদর্শ বদলাতে হবে। ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির পথ।”
তিনি বলেন, “আমরা চাই জাতীয় সংসদে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। পিআর পদ্ধতি অনুসরণ করলে সেটা সম্ভব। আমরা বলছি না সব সংস্কার একদিনেই শেষ করতে হবে, তবে যেগুলো জরুরি, সেগুলোর ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক।”
পরে মুফতি ফয়জুল করিম সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী আন্দোলন কর্মী গোলাম মোস্তফার (৪৫) কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে ১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে নিহত পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন্নবি, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী এবং গুরুদাসপুর উপজেলা সভাপতি ওমর ফারুক।
