রোগী সেজে ভুয়া চিকিৎসককে ধরল পুলিশ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৩৪

রোগী সেজে ইমন চৌধুরী নামে এক ভুয়া চিকিৎসককে ধরলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডস্থ নিউ লায়ন্স চক্ষু হাসপাতালের ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রায় আড়াই বছর ধরে এই চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছেন।

জানা যায়, ইমন চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি ফরিদপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন বলেও দাবি করেন। চাঁদপুরের হাজীগঞ্জে কর্মজীবন হলেও তার স্ত্রী ও সন্তানরা থাকেন ঢাকায়।

সরোজমিনে গিয়ে জানা গেছে, হাজীগঞ্জ থানা পুলিশের এক সদস্য রোগী সেজে নিউ লায়ন্স চক্ষু হাসপাতালে যান। ওই সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী তার বাম চোখ অপারেশনের কথা বলেন। এদিকে প্রস্তুত থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও পুলিশের সঙ্গীয় ফোর্স হাসপাতালে হানা দেয়। এ সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি চিকিৎসকের পাশাপাশি হাসপাতালে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন:  নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে ভোলা ও বরগুনার জেলেরা

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেনসহ গোয়েন্দা পুলিশ সদস্যবৃন্দ।

ইত্তেফাক/জেডএইচডি